ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রবিবার বিকেল সাড়ে ৪টায় হিলি সীমান্তের ২৮৪ নম্বর মেইন পিলারের ৫০ নম্বর সাবপিলার সংলগ্ন রেল কলোনি এলাকায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার তবিবুর রহমান ও ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এসআই এইচআরএস ইয়াদব দু’বাহিনীর পক্ষে মিষ্টি বিনিময় করেন। তারা একে অপরের কুশল বিনিময় করেন। এ সময় সেখানে দুই বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার তবিবুর রহমান জানান, রবিবার আমাদের জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে বিএসএফের পতিরাম-৬১ ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসার ও হিলি বিএসএফ ক্যাম্পের জন্য সর্বমোট ১১ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে আমরা তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছি।
তিনি বলেন, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দু’বাহিনী যেন সুন্দরভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে পারে এ লক্ষ্যে দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকি। এই ধরনের রেওয়াজ দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে দু’বাহিনীর মাঝে চলে আসছে, এতে করে দু’বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরো সুদৃঢ় হবে।